ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে বাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত যানবাহন।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, স্বাভাবিক ভাড়া ৫০০ টাকা হলেও কোথাও কোথাও ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় যাত্রীরা কিছু সময় সড়ক অবরোধ করেন।
সজিব হোসেন নামে এক যাত্রী বলেন, “ছুটি পেয়ে গত রাতেই রওনা হয়েছিলাম। কিন্তু জ্যামের কারণে সারারাত দাঁড়িয়ে ছিলাম। এখন ৬০০ টাকার ভাড়া ১৫০০ টাকা চাইছে।”
পোশাক শ্রমিক আশা বেগম বলেন, “ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু ন্যায্য ভাড়ায় গাড়ি পাচ্ছি না। পুরোটা সিন্ডিকেট হয়ে গেছে, প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না।”
এর আগে সোমবার বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনালে রাতভর যাত্রীদের ভিড় দেখা যায়।
যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানানো হয়েছে।
সূত্র
মাঠপর্যায়ের পর্যবেক্ষণ | সংশ্লিষ্ট যাত্রী ও স্থানীয় সূত্র
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











