Home সারাদেশ

বৈষম্যের প্রতিবাদে ভোটের মাঠ ছাড়লেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

14
0
ছবি: সংগৃহীত

‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না’—সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

জাতীয় সংসদে তৃতীয় লিঙ্গসহ সব সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচনের শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। শনিবার রাত ৮টায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান রানী।

তিনি বলেন, “আমাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না। এটি কোনো বিদায় নয়। এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ়, নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান। আপনারা আমার এই ন্যায্য দাবির পক্ষে সংহতি জানাবেন, যাতে হিজড়া জনগোষ্ঠীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা যায়।”

আক্ষেপের সুরে আনোয়ারা ইসলাম রানী বলেন, যুগের পর যুগ ধরে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী, আদিবাসী, হরিজনসহ নানা প্রান্তিক জনগোষ্ঠী মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পৈতৃক সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বৈষম্যের কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। এমনকি একসময় সামাজিক বঞ্চনা এতটাই চরমে পৌঁছেছিল যে মৃতদেহ দাফন করতেও বাধার মুখে পড়তে হয়েছে—যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, এই বৈষম্যের অবসান না হলে রাজনৈতিক ক্ষমতায়নের কথা অর্থহীন হয়ে পড়ে। সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতিই পারে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি এবং ‘রূপান্তর’-এর উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ৮১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হলেও রানী ঈগল প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন।

রংপুর সদর ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৭০ জন, নারী ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন। ইতোমধ্যে এ আসনে ৫ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

সূত্র

সংবাদ সম্মেলন / সংশ্লিষ্ট সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here