Home রাজনীতি

ওয়ান ইলেভেনে তারেক রহমানকে তুলে নির্যাতনের তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

4
0
ছবি: সংগৃহীত

২০০৭ সালের ওয়ান ইলেভেন সরকারের সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছিল—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জবানবন্দিতে এসব তথ্য জানান তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ওয়ান ইলেভেন পরবর্তী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে ডিজিএফআই। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রী ও বেসামরিক ব্যক্তিকে তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হতো। তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করা হয়।

তিনি আরও বলেন, বেসামরিক ব্যক্তিদের ধরে এনে ডিজিএফআইয়ের সেলে রাখার প্রবণতা একসময় অভ্যাসে পরিণত হয়। এতে যে কাউকে তুলে এনে ইচ্ছামতো কিছু করা যায়—এমন এক বিপজ্জনক মানসিকতা তৈরি হয়।

সাক্ষ্যে তিনি সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর প্রসঙ্গও তোলেন। সাবেক সেনাপ্রধান বলেন, ২০০৩ সালে র‍্যাব গঠনের আগে পরিচালিত ওই অভিযানে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। সরকারি হিসাবে জিজ্ঞাসাবাদে হার্ট অ্যাটাকে ১২ জন মারা গেলেও হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে নিহতের সংখ্যা ছিল অন্তত ৬০। পরবর্তীতে এসব ঘটনায় জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়, যা কার্যত ‘লাইসেন্স টু কিল’-এ পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

এদিন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্যরা। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নাজনীন নাহার ও মুনসুরুল হক চৌধুরী।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। সেই ধারাবাহিকতায় প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি প্রদান করছেন।

সূত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ / আদালত সংশ্লিষ্ট সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here