দীর্ঘ চার বছর পর ফের বড় পর্দায় ফিরছেন কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ। তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আয়ের নতুন রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
আগামী মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তার আগেই ছবিটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে, যা এখন পর্যন্ত কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। ছবিটির তেলুগু রাইটস কিনেছে প্রখ্যাত প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে দিল রাজু বলেন, “‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। দর্শকরা চার বছর ধরে তার পরবর্তী সিনেমার অপেক্ষায় ছিলেন। ফলে ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।”
গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত সিনেমাটির টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক্সিক’ নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ে।
ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। এতে যশের পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।
আরও বড় চমক হিসেবে সিনেমার অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত। ফলে আন্তর্জাতিক মানের অ্যাকশন দেখার প্রত্যাশা করছেন দর্শকরা।
সবকিছু মিলিয়ে যশের প্রত্যাবর্তনের সিনেমা ‘টক্সিক’ ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তোলার আভাস দিচ্ছে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র
ভারতীয় গণমাধ্যম
প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











