বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার পুনরুদ্ধারের সময় এসেছে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং দেশকে নতুন করে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে। জনগণের ভোটেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা।
দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করা হলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যাতে তারা সহজেই কৃষিঋণ, সার ও উন্নত বীজ সংগ্রহ করতে পারেন।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া সরকার গঠনের পর যত দ্রুত সম্ভব এই অঞ্চলের বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় বিএনপি ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র
নির্বাচনী জনসভা ও দলীয় বক্তব্য
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











