ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে নিহত ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় যমুনার সামনে অবস্থান নেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। নির্বাচনের অজুহাতে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত করা হচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দ্রুত বিচার না করা হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন তারা।
ডাকসুর সাবেক নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ সরকার ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসলেও হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে বারবার অবহেলার শিকার হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে শহীদের স্ত্রীসহ তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, সরকার সহযোগিতা না করলে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, অবস্থান কর্মসূচিকে ঘিরে শতাধিক পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য তাদের চারপাশে অবস্থান নিয়েছেন। পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হস্তান্তর না করা পর্যন্ত কোনো পরিস্থিতিতেই তারা অবস্থান থেকে সরে যাবেন না।
সূত্র
ইনকিলাব মঞ্চের বিবৃতি / স্থানীয় সংবাদদাতা
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











