Home সারাদেশ

নবীনগরে বিএনপি অফিসে আগুন, পুড়েছে ১২ দোকান

16
0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের পাশাপাশি পুড়ে গেছে পাশের অন্তত ১২টি দোকান। রোববার (১ জানুয়ারি) গভীর রাতে নবীনগর উপজেলার নাটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। প্রায় এক ঘণ্টার মধ্যে বিএনপি কার্যালয় ও আশপাশের দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। পরিদর্শন শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।

অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, পরিকল্পিতভাবে বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে। এর আগেও কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা তার নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মন্তব্য জানতে কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here