বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে এগোতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।”
জামায়াতের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে তা চরম অন্যায়। বাংলাদেশের নারীরা কখনোই এটা মেনে নেবে না।”
নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে। কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কী? তারা গার্মেন্টসের নারীদের বলেছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করা যাবে না—এটা সম্পূর্ণ অবাস্তব কথা।”
নারীদের শিক্ষা ও অধিকার প্রসঙ্গে গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে তারা চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে টাকা দেবে—এমন কথা বাটপারি ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি। ইসলাম ধর্মেও নারীদের ন্যায্য অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আমরা সেই অধিকার রক্ষা করতে চাই।”
পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











