সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কাজের প্রচারের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত ও পারিবারিক নানা ছবি প্রায়ই শেয়ার করে থাকেন তিনি। তবে মাঝে মধ্যেই এই সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, এমন অনেক দিন আসে যখন ঘুম থেকে উঠে মনে হয়—সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। বিশেষ করে কন্যা রাহার মা হওয়ার পর তার এই অনুভূতি আরও বেড়েছে।
আলিয়া জানান, তার মনে হয় এমন একজন অভিনেত্রী হওয়া উচিত, যিনি শুধু অভিনয় করবেন। তবে সেটি করলে যারা দীর্ঘদিন ধরে তার পাশে থেকেছেন, তাদের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে কারণেই সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।
এ প্রসঙ্গে আলিয়া আরও বলেন, তিনি এখনও নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। কিন্তু বাস্তবে সেটি ধরে রাখা খুব কঠিন হয়ে পড়েছে। তার মোবাইল ফোনের অ্যালবাম এখন রাহার ছবিতে ভরা, আর সেগুলো সংরক্ষণ করতেও তাকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
অভিনেত্রীর ভাষায়, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার চিন্তাভাবনা, মানসিকতা ও জীবনদৃষ্টিতেও এসেছে স্পষ্ট পরিবর্তন।
কাজের ক্ষেত্রে সামনে আলিয়া ভাটকে দেখা যাবে অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। ‘আলফা’ ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী, আর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











