Home রাজনীতি

ভোটে জিতলে ১৩ তারিখ থেকেই বদলাবে দেশ: জামায়াত আমির

19
0
ফেনীর নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ফেনীতে নির্বাচনি জনসভায় চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকেই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। তিনি দাবি করেন, দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে ১০ দলের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “রাজার ছেলে রাজা হবে—এমন রাজনীতি আমরা হতে দিতে পারি না। আমরা এমন একটি পরিবর্তিত বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন রিকশাচালকও তার যোগ্যতায় এমপি কিংবা মন্ত্রী হতে পারবে।” তিনি জানান, জামায়াতে ইসলামী চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল, যেখানে শাসকগোষ্ঠী নারী শিক্ষার্থীদের ওপরও হামলা করতে দ্বিধা করেনি। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, তার রক্ত জাতির কাছে একটি আমানত, যার মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।

পরিবেশ ও জলবায়ু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “মাঘ মাসে শীত নেই, বর্ষায় বৃষ্টি নেই—কারণ এই দেশ পরিচালনাকারীরা প্রকৃতির ওপর জুলুম করেছে।” তিনি বলেন, মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডের ফলেই আজ পুরো জাতিকে এর মাশুল দিতে হচ্ছে।

চাঁদাবাজদের কঠোর ভাষায় সতর্ক করে তিনি বলেন, প্রশাসনিক অবহেলা বা ভাগ-বাটোয়ারার কারণে এখনো চাঁদাবাজি চলছে, তবে ক্ষমতায় গেলে কার পরিচয়ই বিবেচনায় নেওয়া হবে না। যারা রাজনীতির পাশাপাশি চাঁদাবাজিতে যুক্ত, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জনসভায় ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ এর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য অধ্যাপক লিয়াকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুক্তি আবদুল হান্নান। জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এর আগে জামায়াত আমির ফেনীতে ২০২৪ সালের ৪ আগস্ট হাসিনা সরকারের ক্যাডারদের গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here