
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
এ সময় তারেক রহমান বলেন, গত ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগা-প্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের সময় শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছে, কিন্তু বর্তমানে প্রকল্পটি বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।
পদ্মা পাড়ের মানুষের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন পদ্মা ব্যারেজ করার, যাতে সবাই সুবিধা ভোগ করতে পারে। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার করার এবং কর্মসংস্থান তৈরি করার কথাও উল্লেখ করেন।
তিনি পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশ গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে, তা ১২ ফেব্রুয়ারি দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প, জনগণের প্রকল্প হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য কারও সমালোচনা করা হলে সেটি দেশের উন্নয়নে সহায়ক হবে কিনা, তা বিবেচনা করা উচিত।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত এবং দেশের আইন অনুযায়ী বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।





