২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনি জনসভা। এ জনসভাকে কেন্দ্র করে বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। দলটির নেতারা আশা করছেন, এটি হবে ময়মনসিংহের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ।
জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে তিনি তাদের পক্ষে ভোট চাইবেন এবং দলকে বিজয়ী করতে আগামীর পথচলার দিকনির্দেশনা প্রদান করবেন। জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার সব ইউনিট নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মূল মঞ্চের কাজ চলমান রয়েছে। জনসমাগমের কথা বিবেচনায় সমাবেশস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে।
তিনি আরও জানান, নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে এবং পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং তারা সহযোগিতা করছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। প্রায় ২২ বছর পর তার আগমনকে কেন্দ্র করে পুরো ময়মনসিংহ শহরজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।