
আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগমন করছেন ১০ দলীয় জোটের শীর্ষ নেতা, আমীরে মজলিস ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি ১০ দলীয় জোটের সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহিনুর পাশা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র হাই স্কুল মাঠে আল্লামা মামুনুল হকের শুভাগমন উপলক্ষে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় জনসভা শুরু হবে এবং বিকেল ২টায় আল্লামা মামুনুল হক তার বহুল প্রত্যাশিত ভাষণ প্রদান করবেন। জনসভায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনগণের অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে নেতাকর্মীরা আশা করছেন।
জনসভা সফল করতে ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। একই সঙ্গে সর্বস্তরের জনগণকে জনসভায় উপস্থিত হয়ে “রিকশা” মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আল্লামা মামুনুল হকের এই সফর জগন্নাথপুরসহ সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।










