
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আবরু মিয়া–খুরশেদা বেগম ছাত্রী এতিমখানা ও দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, সিলেট-এর সিনিয়র শিক্ষক মুফতি সৈয়দ আলী হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াসিন খান এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার জগন্নাথপুর শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আফজাল হোসাইন, মাস্টার আবু তাইদ, ছাত্রনেতা ইসমাঈল খান, দোলোয়া হোসপন, মাহমুদ আল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তার এবং এতিম শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্মিত একাডেমিক ভবন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










