Home সারাদেশ

ভালুকায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

32
0
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর অগ্নিসংযোগ হওয়া একটি দলীয় অফিস ও ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী সহিংসতায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে; পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চুর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি দলীয় অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ও আশপাশের কয়েকটি এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অনেক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভালুকা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), বিএনপি প্রার্থী ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু এবং স্থানীয় রাজনৈতিক নেতা হাতেম খান।

ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়। পোস্টে ইউএনও বলেন,
“২৫.০১.২৬ খ্রি. তারিখে ভালুকা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলো কোনোভাবেই কাম্য নয়। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কর্মী ও সমর্থকদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, একই সময় ও একই স্থানে ভিন্ন ভিন্ন প্রার্থীর প্রচারণা এড়িয়ে চলা এবং একে অপরের প্রচারণায় বাধা না দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ঘটনার প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ইউএনও আরও সতর্ক করে বলেন, এ ধরনের সহিংসতা সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি করে এবং প্রার্থীদের ভোট পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। বর্তমানে উপজেলার নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ইউএনও ভালুকা উপজেলা প্রশাসনের পাশাপাশি ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বও পালন করছেন।

ভালুকা নির্বাচন | নির্বাচনী সংঘর্ষ | আইনশৃঙ্খলা পরিস্থিতি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here