চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর পাঁচতারকা র্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু হয়।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর ও আশপাশের বিভিন্ন উপজেলার অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তরুণদের রাজনৈতিক ভাবনা, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরতেই এই আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে তারেক রহমান তরুণদের উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পরিচালনায় যুবসমাজকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি বলেন, তরুণদের চিন্তা-ভাবনা ও মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা সাজাচ্ছে।
এর আগে সিলেটে নির্বাচনি প্রচার শুরু করার আগেও তরুণদের সঙ্গে একই ধরনের মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান। দলটির নেতারা বলছেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভা শেষে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় ফেনীর সোনাগাজীর ডিগবাজির মাঠে, সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুরমাঠে ধারাবাহিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ বিরতি পর বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে জনসভায় অংশ নিচ্ছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির এই ধারাবাহিক জনসভা ও তরুণদের সঙ্গে মতবিনিময় কর্মসূচিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তারেক রহমান | বিএনপির প্রচারণা |চট্টগ্রাম রাজনীতি











