আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতি ও সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোর কারণেই বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আইসিসি।
প্রসঙ্গত, গত বুধবার আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে বৈঠক শেষে তিনি জানান, বিশ্বকাপ নিয়ে নিজেদের পূর্বের সিদ্ধান্তেই অনড় থাকবে বাংলাদেশ।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির বিপক্ষে মাঠে নামবে তারা। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্রিকবাজ। তবে ওয়েবসাইটটি সূত্রের বরাতে জানিয়েছে, দুবাইয়ে আইসিসি সদর দপ্তর ও এডিনবার্গে ক্রিকেট স্কটল্যান্ডের মধ্যে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় হিসেবে দেখছেন।











