সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় আজ সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই সকাল থেকে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন। এতে করে বিক্রেতাদের স্টলগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন তারা।
মেলায় ঘুরে দেখা গেছে, কাশ্মিরি শাল ও শীতবস্ত্রের স্টলগুলোতে ছিল সবচেয়ে বেশি ভিড়। পাশাপাশি নিত্যনতুন ডিজাইনের পোশাক, হস্তশিল্প এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে নারী ক্রেতারা অ্যালুমিনিয়ামের বাসনপত্রের স্টলে বেশি ভিড় করছেন। এছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক বাইক ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতেও দেখা গেছে আগ্রহী দর্শনার্থীদের উপস্থিতি।
বিক্রেতারা জানান, শীত ও ঘন কুয়াশার কারণে গত সপ্তাহে আশানুরূপ বেচাকেনা হয়নি। ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিও ছিল তুলনামূলক কম। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এখন মেলায় ক্রেতাদের সংখ্যা বাড়ছে। অনেক বিক্রেতা ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে মূল্য ছাড় ও বিশেষ অফারের ঘোষণা দিয়েছেন।
সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে মেলায় বিনোদনের অংশ হিসেবে কনসার্টের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের ভোগান্তি কমাতে ই-টিকিট ও ক্যাশলেস লেনদেনের সুবিধা রাখা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় তিনশ’ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ গত ৩ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।











