সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান তার মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত ও জোটগত স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করা হবে।
এডভোকেট ইয়াসীন খান কুরআনের সূরা নিসার ৫৯ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, সংগঠনের সিদ্ধান্ত মান্য করাই একজন কর্মীর দায়িত্ব। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই তাদের সকল কার্যক্রমের মূল লক্ষ্য হওয়ায় তিনি এই সিদ্ধান্তকে ধৈর্য, প্রজ্ঞা ও হিকমতের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি জগন্নাথপুর-শান্তিগঞ্জের মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটভুক্ত অন্যান্য দল উন্মুক্তভাবে নির্বাচনে অংশ নেবে।
পোস্টের শেষাংশে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দোয়া কামনা করেন।
রিপোর্ট:
মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি











