Home জাতীয়

বগুড়ায় আসিফ নজরুলের ভোটাধিকার ও গণভোট বার্তা

15
0

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত তিনটি নির্বাচনে ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে ভোটাধিকারের বাইরে রাখে। একবার রাতের ভোট, একবার প্রতিদ্বন্দ্বী ছাড়া ভোট এবং একবার ভুয়া ভোটের মাধ্যমে দেশের মানুষ ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। একইসাথে তারা নিজেকে ইলেকটেড ঘোষণা করে জনগণের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম ভূমিকার কারণে আমরা নতুন সময়ে এসেছি। এখন আমাদের ভোট দেয়ার সুযোগ হয়েছে। এটি কোনোভাবেই হারানো যাবে না। আগে সরকার ঠিক করত ভোট কে পাবে, এখন দেশের মানুষ ঠিক করবে।”

তিনি আরও বলেন, “আমরা অসাধারণ একটি নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। যাকে ইচ্ছা ভোট দেব। অন্যের ভোটের অধিকার ক্ষুণ্ন করা যাবে না। অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনি শেখ হাসিনার পথ অনুসরণ করবেন।”

আইন উপদেষ্টা বলেন, এবার নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটছে—প্রথমবার প্রবাসীরা ভোট দিচ্ছেন এবং জাতীয় ভোট ও গণভোট একসঙ্গে হচ্ছে।

তিনি দেশের পূর্ববর্তী সমস্যার কথাও তুলে ধরেন। “এক সময়ে আয়না ঘর, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন ও জেলে রেখে হত্যার ঘটনা ঘটত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতি আর যেন না ঘটে, দেশের টাকাপয়সা বিদেশে পাচার না হয়, ব্যাংক লুট না হয়, ভারতের কাছে নতজানু না হতে হয়—এই জন্য পরিবর্তন অপরিহার্য।”

আসিফ নজরুল জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “বৈষম্য, নিপীড়ন, দুর্নীতি দূর করতে হ্যাঁ ভোট দিন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে হ্যাঁ ভোট দিন। দেশের স্বার্থে গণভোটে অংশ নিন, দলের স্বার্থে নয়।”

সভায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here