রাজধানীর বাড্ডায় লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তাদের অবরোধের ফলে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। তারা জানান, সড়কে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ না করা হলে আন্দোলন চালিয়ে যাবেন।
অবরোধের কারণে সকাল থেকেই ওই সড়কে যানজট সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যান দীর্ঘ সময় আটকে পড়ে। সংশ্লিষ্টরা জানান, এলাকাটিতে মেট্রোরেল নির্মাণকাজ চলমান থাকায় আগে থেকেই যান চলাচলে চাপ ছিল। সড়ক অবরোধের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন,
“একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি।”
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।
— এমএসি/জেডএস











