Home সারাদেশ

সুনামগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে ধোঁয়াশা, দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনের ঘোষণা

32
0

মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জ–৩ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও বিভ্রান্তি। জোটের পক্ষ থেকে এখনো একক কোনো প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় এই ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

এরই মধ্যে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী শাহিনুর পাশা দাবি করেছেন, সুনামগঞ্জ–৩ আসনে তাকেই ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই দাবির বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খান।

এ বিষয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জোটের অবস্থান স্পষ্ট করেন। পোস্টে তিনি লেখেন,
“আসসালামু আলাইকুম।
আমার প্রিয় জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী, সুনামগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোট কোনো একক প্রার্থীকে মনোনয়ন প্রদান করেনি। এ আসনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচন করবো, ইনশাআল্লাহ।”

একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সুনামগঞ্জ–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকই থাকবে এবং এই প্রতীক বিজয়ী হবে বলে তাঁরা আশাবাদী।

দলীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ–৩ আসনটি আপাতত উন্মুক্ত রাখা হয়েছে। ১১ দলীয় জোটভুক্ত দলগুলো নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আসতে পারে।

সব মিলিয়ে সুনামগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও কৌশল নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি, যা স্থানীয় রাজনীতিতে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here