Home সারাদেশ

চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

28
0
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পমুখী সড়কে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

হামলার পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই কর্মসূচির জের ধরেই এ হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, “জুলাইযোদ্ধারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের ওপর হামলা হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না।”

ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতা হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, “আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশে হামলা হয়েছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না।”

উল্লেখ্য, হাসান আলী পূর্বে এনসিপির প্রার্থী ছিলেন। পরে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।

হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের স্বজনরা। এ বিষয়ে এখনো থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here