Home আন্তর্জাতিক

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অনিবার্য’: রেজা পাহলভি

28
0

ইরানের শেষ শাহ মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান ও দেশটির ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী এবং তিনি নিজেও ইরানে ফিরে আসবেন। সরকারবিরোধী আন্দোলন সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এখানে আর কোনো যদি-কিন্তু নেই। প্রশ্ন শুধু—কবে ঘটবে।”

ইরানে টানা ২০ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। আন্দোলন জোরদার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভিডিওবার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাচ্ছেন রেজা পাহলভি। পাশাপাশি আন্দোলন এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনাও দিচ্ছেন তিনি।

রেজা পাহলভি স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সালের জানুয়ারিতে সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে আসেন তিনি। এর পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লব সংঘটিত হলে ইরানের রাজতন্ত্রের পতন ঘটে। সে সময় তার বাবা মোহম্মদ রেজা শাহ পাহলভিসহ রাজপরিবারের অধিকাংশ সদস্য দেশত্যাগে বাধ্য হন। ইসলামি বিপ্লবের পর আর ইরানে ফেরা হয়নি রেজা পাহলভির।

তবে এবার দেশে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি অবশ্যই ইরানে ফিরব।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। এখন বিশ্ববাসীর দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তিনি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছে, তারা যেন দূতাবাস বন্ধ করে এবং ইরানি কূটনীতিকদের বহিষ্কার করে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে রেজা পাহলভির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের চলমান আন্দোলন কোন দিকে মোড় নেয়, সে দিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here