শেরপুর শহরের নওহাটা এলাকায় একটি ভাঙারির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় National Security Intelligence–এর (এনএসআই) তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় অবস্থিত ‘মেসার্স রোকেয়া আয়রন স্টোর’ নামের একটি ভাঙারির দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার নতুন সরকারি বই উদ্ধার করা হয়। দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা Mahbuba Haque ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দোকানটি সিলগালা করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হচ্ছিল ওই দোকানে। স্থানীয়রা বিষয়টি গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে জানালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। একটি ভ্যানগাড়ি ভর্তি ২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসার নতুন বই জব্দ করে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে দোকানের গোডাউনে আরও বইয়ের সন্ধান পাওয়া যায়।
অভিযানের সময় দোকান মালিক ও কর্মচারীরা পালিয়ে যান বলে জানা গেছে। তবে দোকানের ভ্যানচালক তজি মিয়া দাবি করেন, তিনি মালিকের নির্দেশে বই আনলেও সেগুলো সরকারি কি না, তা তিনি জানতেন না।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ অভিযোগ করেন, গত বছর বই সংকটের কারণে শিক্ষার্থীদের পুরো সেট দেওয়া হয়নি। অথচ নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সদর থানার এসআই সুশান্ত জানান, ঘটনাস্থল থেকে ভ্যানগাড়িসহ বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ইউএনও গোডাউন সিলগালা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। বিষয়টি তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











