কুষ্টিয়ার খোকসা উপজেলায় সেভেনআপ ভেবে কীটনাশক পান করে খাদিজা (৩) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত খাদিজা ওই এলাকার বাসিন্দা বাহারুল মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরে রাখা কীটনাশক বোতলটিকে কোমল পানীয় সেভেনআপ ভেবে শিশুটি অসাবধানতাবশত পান করে ফেলে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এদিকে সচেতন মহল বলছে, ঘরে কীটনাশক ও বিষাক্ত রাসায়নিক সংরক্ষণের ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নাগালের বাইরে এসব ঝুঁকিপূর্ণ দ্রব্য রাখা না হলে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।











