পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত দুটি পৃথক গোয়েন্দা অভিযানে অন্তত ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ৪ ও ৫ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এসব অভিযানে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খাওয়ারিজের ২৪ জন সদস্য নিহত হয়েছে।
আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে উভয়পক্ষের গুলি বিনিময়ের ঘটনায় ফিতনা আল খাওয়ারিজের ১৪ সদস্য নিহত হয়। এছাড়া একই প্রদেশের খাইবার জেলায় চালানো আরেকটি গোয়েন্দা অভিযানে আরও ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অভিযান ‘আজমে ইস্তেহকাম’ (Azm-e-Istehkam) নামে পরিচিত জাতীয় কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত হয়েছে, যা পাকিস্তানে সক্রিয় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্মূলের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
আইএসপিআর দাবি করে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে পরিচিত।
সূত্র
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











