আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এ শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার ১৩ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন না। কারণ একই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এ শপথ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার নীতির কথাও তিনি তুলে ধরেছেন।
এদিকে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, আমন্ত্রণ ও কূটনৈতিক বার্তা নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা স্পষ্ট করছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দীর্ঘ দুই দশক পর দলটি আবারও সরকার গঠনের পথে।
সূত্র: এনডিটিভি
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











